স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জনভোগান্তি, অনিয়ম এবং দালালের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। উন্নত বিশ্বের আদলে দেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে সারাদেশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেনমন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্যই হলো স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবাপ্রার্থীদের দপ্তরে দপ্তরে ঘোরার বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়া। ওয়ান স্টপ সার্ভিস চালু হলে সেবাগ্রহীতাদের বিভিন্ন টেবিল বা অফিসে দৌড়াতে হবে না। এক জায়গা থেকেই আবেদন জমা এবং সেবা গ্রহণ করা যাবে।
ভূমিসেবা নিয়ে মানুষের মনে যে দীর্ঘদিনের সন্দেহ ও অবিশ্বাস রয়েছে, তা দূর করতে ডিজিটালাইজেশন ও কঠোর মনিটরিং নিশ্চিত করা হবে। বর্তমান আইন ও বিধিবিধানের যেসব জায়গায় জটিলতা রয়েছে, তা নিরসন করে যুগোপযোগী করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভূমি মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয়। যেখানেই অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের পাশেই এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারগুলো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ খুব সহজে আইনি সহায়তা ও খতিয়ান-পর্চার কাজ সম্পন্ন করতে পারেন।
এদিকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নিজ নির্বাচনী এলাকা রাজশাহী মহানগরীতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরীর একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় তাঁর এমন প্রাণবন্ত উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। সকাল ১০টা বাজার আগেই রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রিকশাচালক, দিনমজুর থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে তাঁদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় উপস্থিত অনেকেই ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দন জানান।