স্টাফ রিপোর্টার : প্রতিক বরাদ্দের পরেরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই রাজশাহী মহানগরীতে নির্বাচনি ডামাডোল শুরু হয়েছে। নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে কর্মী-সমর্থকরা সকাল থেকেই শুরু করেছেন প্রচার প্রচারণা। হাতে লিফলেট ও হ্যান্ডবিল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নেতাকর্মীরা। প্রচারণার প্রথমদিন সকাল ৭:৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রার্থী প্রফেসর ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে প্রচারণা শুরু হয়। অন্যদিকে প্রথমদিনের নির্বাচনি প্রচারণা জাতীয়তাবাদি দল-বিএনপি নিজেদের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু করে বিকেল চারটায়।
প্রথমদিনের গণ-সংযোগ জামায়াতে ইসলামী শুরু করে নগরীর ১ নং ওয়ার্ডের কোর্ট স্টেশন থেকে। অন্যদিকে বিএনপি বিকেল ৪টায় নির্বাচনি গণ-সংযোগ শুরু করে নগরীর ১৫ নং ওয়ার্ড অন্তর্গত সপুরা এলাকা (পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে) থেকে। প্রথমদিনের গণ-সংযোগে নেতাকর্মীদের সাথে উভয় দলের প্রার্থীই উপস্থিত ছিলেন।
নির্বাচনের প্রচার প্রচারণার স্বার্থে ২১ জানুয়ারি দিবাগত রাত ১২ টার পর থেকেই শহরের বিভিন্নস্থানে লাগানো হয়েছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। ২২ তারিখ সকালে মহানগরীর প্রতিটি সড়কের আইল্যান্ড ও পয়েন্টগুলো ছেয়েগেছে প্রচার উপকরণে। প্রচার উপকরণের ব্যবহার ও গণ-সংযোগের পদচারণায় শহরজুড়ে উৎসাহ ও উদ্দিপনার এক আমেজ সৃষ্টি হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলো ঘুরে দেখাগেছে, প্রায় প্রতিটি স্থানেই বিএনপি ও জামায়াতে ইসলামীর উভয় প্রার্থীর ব্যানার-ফেস্টুন শোভা পেয়েছে পাশাপাশি। কেউ কারো প্রচার উপর ঢেকে বা নষ্ট করে নিজেদের নির্বাচনি প্রচার চালাচ্ছে না। গণ-সংযোগ ও প্রচার সামগ্ৰীর ব্যবহারই বলে দিচ্ছে, এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে রাজশাহী-২ (সদর) আসনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনন্দ আর উদ্দীপনায় মিশ্রিত কর্মযজ্ঞ চলেছে সকাল থেকে রাত পর্যন্ত। দিনের আলোয় চলেছে গণ-সংযোগ ও লিফলেট-হ্যান্ডবিল বিতরণ। আর সন্ধ্যার পর থেকে হয়েছে সভা ও উঠান বৈঠক। এবারের নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচনে লড়ছেন ছয়জন। এরমধ্যে বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির সাঈদ নোমান, নাগরিক ঐক্যের সামছুল আলম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম ও স্বতন্ত্র সালেহ আহমেদ। শহরের প্রতিটি পাড়ামহল্লায় সদর আসনের দুই প্রার্থীকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রাজশাহীর ছয়টি আসনের মধ্যে রাজশাহী-২ (সদর) আসনের গুরুত্ব স্বাভাবিক কারনেই অন্যগুলোর চাইতে ভিন্ন। এই আসনে লড়াইটা এবার জমবে বেশ; বলে মন্তব্য সাধারণ ভোটারদের।