নওগাঁ থেকে প্রতিনিধি : নওগাঁর ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চার প্রার্থী সরে দাঁড়িয়েছেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয় আসনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন— নওগাঁ-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিসের আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের হুমায়ুন কবির চৌধুরী এবং নওগাঁ-৫ আসনের এবি পার্টির কাজী আতিকুর রহমান।
নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল হক শাহ, জাতীয় পার্টির আকবর আলী ও স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরী। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৮০ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৮৩ জন এবং হিজড়া ভোটার চারজন।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে মাঠে রয়েছেন বিএনপির সামসুজ্জোহা খান, জামায়াতে ইসলামীর এনামুল হক এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মতিবুল ইসলাম। এখানে মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৪৩৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৩৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৫ জন ও হিজড়া ভোটার দুইজন।
নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে লড়ছেন বিএনপির ফজলে হুদা, জামায়াতে ইসলামীর মাহফুজুর রহমান, জাতীয় পার্টির মাসুদ রানা, বাসদের কালিপদ সরকার, বিএনএফের আব্দুল্লাহ আল মামুন সৈকত, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির বিন আছগর এবং স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন ও পারভেজ আরেফিন সিদ্দিক। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৯৯০ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ৭৯৪ জন ও হিজড়া একজন।
নওগাঁ-৪ (মান্দা) আসনে প্রার্থী হয়েছেন বিএনপির ইকরামুল বারী টিপু, জামায়াতে ইসলামীর আব্দুর রাকিব, জাতীয় পার্টির আলতাফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোহরাব হোসাইন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ডা. এস এম ফজলুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আরফানা বেগম। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন, নারী ১ লাখ ৬৮ হাজার ২১২ জন ও হিজড়া চারজন।
নওগাঁ-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাহিদুল ইসলাম ধলু, জামায়াতে ইসলামীর আবু সাদাত মো. সায়েম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান এবং জাতীয় পার্টির আনোয়ার হোসেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ২৯ জন, নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৯৯৬ জন ও হিজড়া ভোটার পাঁচজন।
নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে লড়ছেন বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম, জামায়াতে ইসলামীর খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের রফিকুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫১ জন, নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৬০ জন ও হিজড়া ভোটার পাঁচজন। মনোনয়ন প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে নওগাঁয় নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হলো।