আলিফ হোসেন : ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা ও দাখিলের শেষ দিন ছিল। এদিন প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং ও উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয়ে তারা তাদের নেতা ও কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে নেতাকর্মীদের নিয়ে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন।
রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটানিং কর্মকর্তা আফিয়া আক্তার জানান, ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এদের মধ্যে ৩৮ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ছয়জন, রাজশাহী-২ আসনে নয়জন, রাজশাহী-৩ আসনে সাতজন, রাজশাহী-৪ আসনে চারজন, রাজশাহী-৫ আসনে আটজন ও রাজশাহী-৬ আসনে চারজন।
তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।