মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বালু বোঝাই একটি ট্রাক্টরের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন শহিদুল ইসলাম (৩৮) ও তার রেহেনা বিবি (৩২)। দুর্ঘটনায় তাদের মেয়ে শাকিলা (১১) ও ছেলে রাফি (৩) আহত হন। গত রোববার বেলা ১১টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের গোয়ালপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা নওগাঁর নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দারাজপুর গ্রামের শহিদুল ইসলাম সপরিবারে মান্দা উপজেলার গোপালপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন।
রোববার বেলা সাড়ে ১০টার দিকে আত্মীয়ের বাসা থেকে একটি মোটরসাইকেলে নিজ বাড়ি দারাজপুর গ্রামে ফিরছিলেন তারা। পথে গোয়ালপাড়া মোড়ে পৌঁছলে বালু বোঝাই একটি ট্রাক্টর মোটরসাইকেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রেহেনা বিবির মৃত্যু ঘটে। মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান শহিদুল ইসলাম।