শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

হাদির জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সমাহিত করা হবে জাতীয় কবির কবরের পাশে

Paris
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে কঠোর নিরাপত্তায় মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।
বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি বের করা হয়।
হাদির মরদেহ দেশে পৌঁছানোকে ঘিরে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়। কফিন বহনকারী গাড়িটি বের হওয়ার সময় সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর। কফিন বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সেখানে যান।
বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, “হাদির মরদেহ এখানে রাখার বিষয়ে আমাদের জানানো হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।” তেজগাঁও বিভাগের এক পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ রাখার সিদ্ধান্তের পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কর্মসূচি পরিবর্তন করে শনিবার নেওয়া হবে। সংগঠনটি আরও জানিয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না এবং সবাইকে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হাদির মৃত্যুতে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার রাষ্ট্রীয় শোক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। গতকাল শুক্রবার সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।’এছাড়া হাদির স্ত্রী-সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। তার কণ্ঠ স্তব্ধ করার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়া সম্ভব হবে না। তার স্বপ্ন বাস্তবায়নের দায় সকলের।’ সবাইকে ধৈর্য ধারণ, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে যেকোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। এছাড়া দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে আহ্বান জানিয়েছেন তিনি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris