এআর তারিফ : সমাজবিজ্ঞান বিভাগের বিএসএস ২৬ ও ২৭তম ব্যাচের শিক্ষা সমাপনী, এমএসএস ৩২তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩০ নভেম্বর, ২০২৫ (রবিবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের অধিকর্তা প্রফেসর মো. শহীদুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) ও রাজশাহী বিভাগের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) পিপিএম (বার) ড. মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান। দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০ টায়। বিশ্ববিদ্যালয় প্লাজায় পায়রা উড়িয়ে সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর শুরু হয় শিক্ষা সমাপনী শোভাযাত্রা। অতিথিব্ন্দ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে বর্ণিল এ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর (শহিদ সাকিব আনজুম চত্বর) প্রদক্ষিণ করে সিনেট হলে এসে শেষ হয়। বিভাগের শিক্ষার্থী রাকিব ও মিথিলার উপস্থাপনায় সিনেট হলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ১২:১০ মিনিটে। অনুষ্ঠানপ স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ১ম সেমিস্টারের শিক্ষার্থী শোভা। এরপর সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের জ্ঞানগর্ভ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারপর শিক্ষা সমাপনী ও বিদায়ী শিক্ষার্থীরা এক এক করে মঞ্চে এসে স্মৃতিচারণ করলে তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মুহুর্মুহু হাততালিতে মুখরিত হয়ে ওঠে সিনেট হল। এরপর শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমানের জ্ঞানগর্ভ ও দিকনির্দেশনা বক্তব্যের মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘটে। মধ্যাহ্নভোজের বিরতির পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সবচেয়ে আকর্ষণীয় পর্ব। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ পরিবেশনায় নাচ, গান, আবৃতি, অভিনয় ও গম্ভীরার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।