রবিউল ইসলাম, পত্নীতলা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নজিপুর সরকারি হাইস্কুল মাঠ থেকে ১০ হাজার মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে (পত্নীতলা-ধামইরহাট) উপজেলার নির্বাচনী এলাকাজুড়ে মোটরসাইকেল শোডাউন করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এ সময় গাড়িতে উঠে হাত নাড়িয়ে নেতাকর্মী ও এলাকার ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খান। এ সময় নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি, পত্নীতলা ও ধামইরহাট উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবকদল, শ্রমীকদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।