রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের বাবনাবাজ গ্রামে কৃষকের ৪৫ শতাংশ জমির ধান গাছে বিষ ও ধানের জমিতে লাগানো বিভিন্ন ফলের গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। কৃষকের দাবি, দীর্ঘদিন থেকে তার জমির ধানের ক্ষতি করে আসছে দুর্বৃত্তরা। উপজেলার বাবনাবাজ গ্রামে মাঠে গিয়ে দেখা যায়, ধানের জমিতে কীটনাশক বিষ স্প্রে করে জমির ধান নষ্ট করে ফেলা হয়েছে ও ধানের জমিতে লাগানো ফলের গাছগুলো উপড়ে ফেলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক হয়রত আলী জানান, বাবনাবাজ মৌজার ৭৫ নং আরএস খতিয়ান সূত্রে ৪৫.৭৫ শতাংশ জমির মালিক আমি আমার ভাই রশিদুল ইসলাম ও আমাদের ওয়ারিশগণ । দীর্ঘদিন থেকে আমরা শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসতেছিলাম। হঠাৎ শহিদুল নামে বাবনাবাজ গ্রামের এক ব্যক্তি তিনি সেই জমির দাবি করে বসেন। জমিতে ফসল চাষাবাদ করতে দিবেন না বলেও দীর্ঘদিন থেকে হুমকি দিতে থাকেন।
রশিদুল ইসলাম বলেন, পত্নীতলা উপজেলার বাবনাবাজ মৌজার আর এস খতিয়ান ৭৫ জে.এল.নং ২৫৬ দাগ নং ৬০৬ ধানী জমির মধ্যে ৪৫.৭৫ শতাংশ জমির মালিক আমরা। এই জমির খাজনা খারিজ করে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসিতেছি। হঠাৎ শহীদুল নামের ব্যক্তি আমাদের জমিতে বিষ প্রয়োগ করে ধান নষ্ট করে দেয়। আমাদের জমির গাছ উপড়ে নিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও থানা কোন গুরুত্ব দেয় না। বারবার থানায় ঘুরেও আমাদের কোন কথাই শোনেনি পুলিশ। এ বিষয়ে জানতে অভিযুক্ত শহিদুল ইসলাম মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেনি।