স্টাফ রিপোর্টার : আদালতের ওই নির্দেশ অমান্য করে নওগাঁর আত্রাই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের আহম্মদ আলী নামে এক প্রবাসীর বাড়ীর প্রাচীর ভেঙ্গে জমি দখল করে বাড়ী নির্মাণ করছেন তারই আপন বড় ভাই। এ ঘটনায় তাদের দ্বিতীয় ভাই আব্দুল আলীম ১৮ ফেব্রুয়ারী নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রবাসী আহম্মদ আলীর বাড়ী রক্ষার দাবিতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছোট ছেলে আহম্মদ আলী প্রায় ২১ বছর যাবৎ সৌদিআরবে বসবাস করছেন। ভরতেতুলিয়া মৌজায় পৈত্রিক সূত্রে এবং মা ও তিন বোনের নিকট থেকে ক্রয় সূত্রে প্রাপ্ত জমির উপর তার একটি পাকা বাড়ী রয়েছে।
কিন্তু আহম্মদ আলী দেশের বাইরে থাকার সুযোগে তারই আপন তিন বড় ভাই আব্দুল কুদ্দুস, আব্দুল ওহাব ও আব্দুল সোবহান একে অপরের যোগসাজসে প্রসাশনের সহযোগীতায় প্রবাসী ভাইয়ের নির্মানাধীন বাড়ীর প্রাচীর ভেঙ্গে ফেলে সেখানে জোরপূর্বক বাড়ী নির্মাণের কাজ শুরু করেছেন। এ ঘটনায় তাদের দ্বিতীয় ভাই আব্দুল আলীম গত ১৮ ফেব্রুয়ারী নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানার আদালতে প্রবাসী আহম্মদ আলীর বাড়ী রক্ষার দাবিতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক দখল সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য সংশ্লিষ্ট সহকারী কমিশনারকে (ভূমি) এবং নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা রক্ষার জন্য আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
কিন্তু আদালতের ওই নির্দেশ অমান্য করে বিবাদমান ওই জমিতে জোরপূর্বক আরসিসি কলম নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন দখলকারীরা। এ বিষয়ে দায়িত্বরত সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইফতেখায়রুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে যথাসময়ে প্রতিবেদন দাখিল করা হবে। এছাড়া নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষদের কাজ বন্ধ রাখতে আদালতের নির্দেশ অনুযায়ী নোটিশ দেয়া হয়েছে।