দেশে তাপমাত্রা কমার আভাস
এফএনএস : গত কয়েকদিন ধরেই ক্রমাগত বাড়ছে দেশের তাপমাত্রা। গত বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে তাপমাত্রা গিয়ে ঠেকেছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় গতকাল শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তির দিকেই থাকতে থাকাতে পারে। তবে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে। গতকাল শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।
