নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ডাকাতেরা তাঁর কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি চাঁদির অলংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাতদল লোহার রডের আঘাতে ওই স্বর্ণ ব্যবাসয়ী গুরুত্বর আহত হয়েছেন। আহত স্বর্ণ ব্যবসায়ী হলেন নান্টু প্রামাণিক (৪০)। তাঁর বাড়ি উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ব্যবসায়ীর স্বজন ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নান্টু প্রামাণিক দীর্ঘ দিন ধরে আত্রাই উপজেলা সদরের সাব-রেজস্ট্রি অফিস সংলগ্ন স্বর্ণ পট্টি এলাকায় স্বর্ণের ব্যবসা করছেন। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম রিংকু জুয়েলার্স। প্রতিদিন দোকান বেচাবিক্রি ও স্বর্ণালঙ্কারের কাজ শেষ করে দোকানের মজুত স্বর্ণালংকার ও টাকাপয়সা নিজ বাড়িতে নিয়ে যান। গতকাল রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধার সেতুর কাছে পৌঁছালে ওঁত পেতে থাকা ডাকাত দল তাঁর মাথায় পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে উপর্যপুরি আঘাত করে তাঁর ব্যাগে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি চাঁদির অলংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নেয় ডাকাতেরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে রাতেই নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই খোদা, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, স্বর্ণ ব্যবাসায়ী নান্টু প্রামাণিকের মাথায় ও হাতে আঘাত করে সন্ত্রাসীরা তাঁর কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এজহার পাওয়ার পর বলা যাবে কি পরিমাণ মালামাল ও টাকা লুট করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।