চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ-ভারতের মতো বন্ধুত্বের উদাহরণ সারাবিশ্বে আর কোথাও নেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি। তিনি বলেন, ২০১৯ সালে বাংলাদেশকে ১৬ লক্ষ ভিসা অনুমোদন দিয়েছে ভারত। একটি দেশকে এতো বেশি পরিমাণ ভিসা অনুমোদনের বিশ্বরেকর্ড এটি। এসব ভিসায় ১ বছরে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণে ৩০ লক্ষ বাংলাদেশী ভারতে গিয়েছে। এমনকি ভারতে আগত পর্যটকদের সংখ্যার দিক থেকে সেরা পাঁচটি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। এসব সংখ্যাই প্রমাণ করে বাংলাদেশ-ভারতের সম্পর্ক কতোটা গভীর।
প্রতিবেশী নয়, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভাই-ভাই উল্লেখ করে ভারতীয় সহকারী হাইকমিশনার আরো বলেন, বিভিন্ন প্রতিবেদনের সূচকে বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে ধারণা সুস্পষ্ট। আগামী কয়েক বছরে ভারতকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের এই অগ্রগতিতে ভারত সবসময় পাশে রয়েছে। বিভিন্ন উন্নয়ন খাতে বাংলাদেশে ভারতের ৮ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ দিনদিন সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর হতে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ হলেও এই মূহুর্তে ভারতের দিকে কোন রেললাইন স্থাপন করার পরিকল্পনা নেয় জানিয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক প্রতিনিয়ত আরো বৃদ্ধি পাচ্ছে। অসীম সম্ভাবনাকে কাজে লাগিয়ে একে অপর দেশকে সহযোগিতা করে এগিয়ে যাচ্ছে দুই দেশ। এছাড়াও সকল দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করছে দেশ দুটি। শ্রী সঞ্জীব কুমার ভাটি বলেন, সারাবিশ্বে প্রতিবশী দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিভিন্ন বিরোধ থাকলেও ২০১৪-১৫ সালে বাংলাদেশ-ভারত সর্ম্পকের অনণ্য উদাহরণ দেখেছে গোটা বিশ্ব।
কোনরকম ঝামেলা ছাড়াই দুই দেশের ছিটমহল বিনিময় ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সম্পর্কে। বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আগে চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ফিতা কাটেন তিনি। এর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি শিবগঞ্জ মডেল স্কুল ও একটি মন্দির পরিদর্শন এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।