২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সারদা পুলিশ একাডেমিতে কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ৯:১২ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি, রাজশাহী
সারদা পুলিশ একাডেমিতে কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী কুচকাওয়াজে ৩৩৪ জন টিআরসি অংশ নেন। ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের মধ্যে সাজ্জাদুল ইসলাম বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে সুমন আলী, বেস্ট ইন ফিল্ড অ্যাকটিভিটিজ ও বেস্ট শুটার হিসেবে পৌরব চন্দ্র রায় নির্বাচিত হন। অনুষ্ঠানে কোর্স ডিরেক্টর পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ অন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
গত বছরের ২৪ জুন ৩৪৪ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল গত ২০ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। কিন্তু ৯ ডিসেম্বর ‘অনিবার্য কারণবশত’ এই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়।
এরপর ৩ জানুয়ারি প্রশিক্ষণরত আট পুলিশ কনস্টেবলকে অব্যাহতি দিয়ে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। এর পর থেকে প্রশিক্ষণরত অন্য পুলিশ কনস্টেবলরাও আতঙ্কে ছিলেন। অবশেষে আজ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন