নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সরকারি পরিত্যক্ত বালু অবৈধভাবে বিক্রি ও এলাকার রাস্তাঘাট ক্ষয়ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার খেলনায় ইউনিয়নের উদয়শ্রী নলপুকুর গ্রামে এই মানববন্ধন করেন তারা। এসময় রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শশী আহম্মেদ, মনিবাবু, ফজলুর রহমান, আব্দুল হাসিব, জামানুর ইসলাম, শহিদুল ইসলাম এবং আমিনুর ইসলাম প্রমূখ। মানববন্ধনে এলাকাবাসীরা বলেন- পানি উন্নয়ন বোর্ড নদী খননের সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে নলপুকুর গ্রামের পূর্ব পাড়ঘেষে রেখে দেয়। পরিবর্তিত পরিস্থিতিতে পর হঠাৎ করে স্থানীয় প্রভাবশালী আবু হানিফ ও তার সহযোগী হানজালা, রব্বানী, জুয়েল চৌধুরী এবং মাসুমসহ আরও অনেকে সরকারি পরিত্যক্ত বালুগুলো অবৈধভাবে বিক্রি করছে। এতে এলাকার মধ্যে দিয়ে বালু বাহী ট্রাক চলাচলে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতাযাতে সমস্যা হচ্ছে। এছাড়াও ফসলি জমি তীব্র ভাঙ্গনের কবলে নদী গর্ভে হুমকির মুখে ফেলে দেয়া হচ্ছে। এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ করের কোন প্রতিকার মিলছে না। তাই দ্রুত এসব বালু অবৈধভাবে বিক্রি বন্ধের দাবি জানান এলাকাবাসী।