শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অবৈধভাবে আনা ৭৬৭ কেজি সিটি গোল্ডসহ অন্যান্য ধাতব অলংকার জব্দ করেছে বিজিবি। এ সময় আবদুস শুকুর (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনামসজিদ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া। এর আগে মঙ্গলবার ভোরে স্থলবন্দর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অলংকারগুলো জব্দ করা হয়। বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে আমদানি করা চায়না ক্লের আড়ালে লুকিয়ে রাখা ৩৩০ কেজি সিটি গোল্ড ও ৪৩৭ কেজি অন্য ধাতব অলংকার জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের আবদুল খালেকের ছেলে আব্দুস শুকুরকে আটক করা হয়। বিজিবির অধিনায়ক আরও বলেন, শুল্ক ফাঁকি দিতে অলংকারগুলো ভারত থেকে মিথ্যা ঘোষণাপত্রের মাধ্যমে অবৈধভাবে আমদানি করা হয়েছে। আমদানি ঘোষণাপত্রে ক্লে উল্লেখ করলেও আনা হয়েছে ধাতব অলংকার। জব্দ অলংকারের দাম প্রায় ৮ কোটি টাকা। এদিকে সোনামসজিদ স্থলবন্দরে আধুনিক স্ক্যানার না থাকায় ক্লের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ধাতব অলংকার শনাক্ত করা যায়নি বলে জানান বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম জাকারিয়া।