৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় যাতায়াতের রাস্তা বন্ধে অবরুদ্ধ দুই পরিবার

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় যাতায়াতের রাস্তা বন্ধে অবরুদ্ধ দুই পরিবার
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় দুই পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছে। গত তিনদিন ধরে তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। ঘটনায় আজ মঙ্গলবার মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা হলেন, উপজেলার মৈনম গ্রামের মন্টু চন্দ্র কবিরাজ ও উজ্জল চন্দ্র সরকার। অন্যদিকে অভিযুক্ত তপন চন্দ্র পানাতিয়া ভুক্তভোগীদের প্রতিবেশী।
ভুক্তভোগী মন্টু কবিরাজ বলেন, অভিযুক্ত তপন পানাতিয়ার আপন কাকা অরুণ চন্দ্র পানাতিয়ার কাছ থেকে আমরা সাড়ে ৯শতক সম্পত্তি কিনে নেই। এর পর সেখানে বসতবাড়ি নির্মাণসহ প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছি। অভিযুক্ত তপন পানাতিয়ার বাড়ির পেছনে পায়ে হাঁটা পথ দিয়ে যাতায়াত করি। পারিবারিক বিরোধের জের ধরে গত রোববার সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে।’ প্রতিবেশী অরুণ পানাতিয়া বলেন, ভাতিজা তপন পানাতিয়ার ছেলে সুব্রত পানাতিয়া মাঠ থেকে ঘাস নিয়ে আসার সময় আমার বেশকিছু মরিচের গাছ নষ্ট করে দেয়। এনিয়ে তাদের সঙ্গে আমার ঝগড়া হয়েছে। এর জের ধরে মন্টুদের যাতায়াতের পথটি বন্ধ করে দিয়েছে অভিযুক্তরা।
এ প্রসঙ্গে অভিযুক্ত তপন পানাতিয়া বলেন, ‘কাকা অরুণের পক্ষ নিয়ে মন্টুরা আমাদের মারধর করেছে। তাই যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।’ মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ‘আমি সাবেমাত্র যোগদান করেছি। যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়টি জানা নেই। অভিযোগ হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন