এফএনএস : পাবনার ঈশ্বরদীর মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি মেরামত করার সময় পেছন থেকে একটি মাইক্রোবাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালক ও হেলপারসহ গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরে পাবনা সুগার মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার কুঠিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন রঞ্জু ও একই এলাকার আবদুল হাকিম শেখের ছেলে আবদুর রহমান শেখ ওরফে জাহাঙ্গীর।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রঞ্জু ও জাহাঙ্গীর মারা যান। মাইক্রোবাসের চালক মামুন, হেলপার তাজ ও রোহানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে পাবনা সুগার মিলের সামনে বিকল গাড়িটি মেরামত করা হচ্ছিল। এমন সময় পাবনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে সেটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।