১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ২:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন। মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট। আদালতে গতকাল মঙ্গলবার রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ৯ দিন আগে গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। তার প্রতীক ছিল ঈগল। পরে ওইদিনই ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। গত ৪ জানুয়ারি এ আসনের নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ হবে। আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, মেহেদী মাহমুদ রেজা সম্পর্কে প্রয়াত আমিনুল ইসলামের নাতি। তিনি গত ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত জটিলতায় পরদিন রিটিার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিল করলে গত ২৪ জানুয়ারি সে আপিল খারিজ করে দেয় নির্বাচন কমিশন। পরে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই স্বতন্ত্র প্রার্থী। কমিশনের আপিল খারিজের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে রুল জারির পাশাপাশি আপিল খারিজের সিদ্ধান্ত স্থগিত করে মেহেদী মাহমুদ রেজাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই আইনজীবী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন