নওগাঁ প্রতিনিধি
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, আজকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করে প্রমাণ করা হবে যে বাংলাদেশ সঠিক পথে আছে। বাংলাদশের জনগণ এবারও বঙ্গবন্ধু কন্যাকে বিপুলভাবে জয়যুক্ত করবে। গতকাল বুধবার দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কবির বিন আনোয়ার বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রাখতে চায়। এজন্য প্রয়োজন স্মার্ট দল ও স্মার্ট র্কর্মী। সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ দেশের প্রতিটি দলীয় কার্যালয় ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে। দলীয় কার্যালয়ে অবস্থিত স্মার্ট কর্নারে প্রযুক্তি অগ্রসর একটা টিম কাজ করবে। যাঁরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে অনলাইন ও অফলাইনে কাজ করবে।’
অনলাইনে গুজব মোকাবিলায় আওয়ামী লীগের কর্মীরা ভূমিকা রাখবে উল্লেখ করে কবির বিন আনোয়ার বলেন, প্রতিনিয়ত বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। সেই গুজবগুলো আল্টিমেটলি দেশের বিরুদ্ধে যায়। বিদেশে বসে দেশের ক্ষতি করার জন্য জেনেবুঝে পরিকল্পনা করে গুজবগুলো ছড়ানো হয়। অনেক ধরনের ফেইব ইউটিউব চ্যানেল ও ফেইক নিউজের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এই সব গুজব মোকাবিলায় প্রযুক্তিতে অগ্রসর আওয়ামী লীগের কর্মীরা ফ্যাক্ট তুলে ধরবে।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনই ভুল করেনি। তারা সঠিক রায়টাই দিয়ে থাকে। এবারও তারা বঙ্গবন্ধু কন্যাকে বিপুলভাবে জয়যুক্ত করবে। যদি আমরা দলীয় কর্মীরা আমাদের কাজ ঠিকমতো করি।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ জিতে। আর আওয়ামী লীগ হারলে বাংলাদেশ হারে। তখন স্বাধীনতাবিরোধীরা চাঙা হয়ে ওঠে। এই শক্তিকে মোকাবিলার জন্য আজকে আমাদের স্মার্ট দল গঠনের অভিযাত্রা।’
কবির বিন আনোয়ার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, বিগত একশ বছরেও তা হয়নি। সেই উন্নয়নের সুফল যে সাধারন মানুষ পাচ্ছেন সেগুলো গণমানুষের কাছে তুলে ধরতে হবে। আর এ ক্ষেত্রে স্মার্ট কর্ণার গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। স্মার্ট কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে নওগাঁ জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, মহাদেবপুর-বদলগাছি আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার, আত্রাই-রানীনগর আসনের এমপি আনোয়ার হোসেন হেলালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।