স্টাফ রিপোর্টার, লালপুর
নাটোরের লালপুরে হাত ও পায়ের রগ কেটে আওয়ামীলীগ নেতাকে খুনের ঘটনায় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহাসিন আলী (২৮) সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। গত রবিবার দিবাগত রাত এগারোটার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড় সিলান গ্রাম থেকে ওই ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও তার বাবা মোকলেছুর রহমান (৫৫ ) কে আটক করা হয় বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অন্যদের আটক করেন। আটককৃতরা হলো,আব্দুল লতিফ প্রামানিক (৫৫), নাদিম (৩৪) ও জাকিরুল ইসলাম। জানা যায়, ৩ সেপ্টেম্বর সকালে ওসমান গনি তার বাড়ী থেকে গ্রামের চায়ের দোকানে চা খেতে বের হয়। এসময় তার বাড়ীর অদূরে কয়েকজন দুর্বৃত্ত এসে ওসমান কে এলাপাথারি কুপিয়ে হাতের ও পায়ের রগ কেটে হত্যা করে বলে জানা গেছে। এঘটনায় ওই দিন রাতে নিহতের ভাইয়ের ছেলে কুতুবউদ্দিন বাদি হয়ে ২৫ জনের নামে সহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।