চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও একই আদালত এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।-এফএনএস
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ভোলাহাট উপজেলার তাঁতীপাড়া গ্রামের মৃত সমিজ উদ্দীন শেখের ছেলে আবদুল আলিম (২৫), গোমস্তাপুর উপজেলার রহমতপাড়া গ্রামের রফিক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস (৩২) ও একই উপজেলার রহনপুর বড়বাজার এলাকার মো. ইউসুফ আলীর ছেলে হিরো ওরফে প্রিন্স খান (৩৫)। গতকাল মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বাজার এলাকা থেকে একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় ওইদিন গোমস্তাপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে মামলাটির তদন্ত করে এসআই তোফাজ্জাল হোসেন আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শুনানি শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।