শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে কানসাট ইউনিয়ন পরিষদ চত্বরে এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ ৬০ হাজার ৮১৪ জন ভাতাভোগী রয়েছেন। একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নে আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রম। এ কার্যক্রম চলাকালে ভাতাভোগীর জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি, ভাতা পরিশোধ বহির কাভার পেজ ও দ্বিতীয় পেজের ফটোকপিসহ স্বশরীরে সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদে হাজির হতে হবে। এই সময়ের মধ্যে কেউ উপস্থিত না হলে ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। এ সময় উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, ইকবাল হোসেন, মোশারফ হোসেন ও মরিয়ম খাতুন প্রমূখ।